শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সখিনা বেগম ও আরেক ছেলে নুরুন্নবী রাশেদ আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।
নিহত আব্দুল বাছেদ মিয়া ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত শাকিল পেশায় রাজমিস্ত্রির শ্রমিক।
পরিবারের সদস্যরা জানান, বাবা-ছেলের মধ্যে পারিবারিক কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা সখিনা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা সেখানে ছুটে যান। এ সময় তারা দেখতে পান, শাকিল তার বাবার পেটে ছুরিকাঘাত করছেন।
পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে শাকিল তার মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করেন। এরপর তিনি পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলেই আব্দুল বাছেদ মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশি তৎপরতার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন